সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তার যোগসাজশে পাটনিজীবি নীতীমালার তোয়াক্কা না করে ঘাটে বহিরাগত দিয়ে অতিরিক্ত মাশুল আদায় ও চাঁদাবাজির প্রতিবাদে নৌকার বৈঠা নিয়ে মানববন্ধন করেছে কর্ণফুলী নদীর মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কর্ণফুলী নদী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আলীউর রহমান, বাংলাবাজার সাম্পান সমিতির সভাপতি লোকমান বয়াল, চর পাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহম্মদ, বাংলাবাজার সাম্পান সমিতির সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. ইউছুফ, অর্থ-সম্পাদক জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছেন মাঝিরা।
মাঝিদের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে ১৫ দিন আগে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে তারা ধর্মঘটের ডাক দেন।








