অনলাইনে জুয়া খেলার অভিযোগে চট্টগ্রামে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলতেন বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার নুপুর মার্কেটের পাখি গলি থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. শিপু (৩২), ইমান আলী মিঠু (৩০), আমজাদ হোসেন রুবেল (২৯), মো. ইদ্রিস (৪০), মো. শাহ আলম (৩১), মো. ওসমান (৩৭), আব্দুল সফুর ওরফে নয়ন (৩০), মো. রানা (২৬), বিপ্লব চৌধুরী (৩২), মো. রায়হান ইসলাম (৩১), মো. ফারুক (২৫), বেলাল উদ্দিন (২৭), মো. সানি (২৩), রাজু বনিক (২০), আব্দুল ওয়াহেদ (২৬), নজরুল ইসলাম (৩০)।
কোতোয়ালি থানার এসআই সজল দাশ বলেন, “এরা অনলাইনের মাধ্যমে জুয়া খেলে দেশের টাকা বিদেশে পাচার করছে, যা ডিজিটাল সিকিউরিটি আইনের ৩০ ধারা অনুযায়ী অপরাধ।”
তিনি বলেন, “বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পাখি গলিতে গ্রেপ্তার ইদ্রিসের ভাতের হোটেলে জড়ো হত। সেখানে বসে তারা অনলাইনে জুয়া খেলত।”
গ্রেপ্তার ১৬জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই সজল।








