সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট)
লিমিটেড করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু করেছে।
নমুনা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনের মাধ্যমে। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে ২৪ ঘন্টার মধ্যেই।
মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে স্থাপিত স্যাম্পল কালেকশন সেন্টারে কার্যক্রম শুরু হয়।
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সসেস রোড শাখায় শেভরণ ল্যাবে স্থাপন করা হয়েছে সর্বাধুনিক আরটি-পিসিআর মেশিন।
স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিত করে শেভরন করোনার নমুনার নিতে সম্পূর্ণ ৪টি আলাদা কালেকশন বুথ ও ডেলিভারি পয়েন্ট স্থাপন করা হয়েছে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে নমুনা সংগ্রহ করা হবে। তবে এজন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর স্যাম্পল কালেকশন করা হবে। রেজিস্ট্রেশন বা সিরিয়াল নেওয়ার জন্য শেভরণের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে (www.ChevronLab.com) থাকা অ্যাপয়েন্টমেন্ট ফরমটি পূরণ করতে হবে। আবার পরীক্ষার নির্ধারিত চার্জও অনলাইনে এবং বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
এ প্রসঙ্গে চট্টগ্রামের বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ গোলাম মর্তুজা বলেন, সোমবার রাতে আমরা করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সবধরনের ট্রায়াল সফলভাবে শেষ করার পর আজ মঙ্গলবার থেকে নমুনা সংগ্রহ শুরু হয়। প্রথম সপ্তাহে প্রতিদিন ১০০টি নমুনা পরীক্ষা করা হবে। এক সপ্তাহ পর প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে ২০০টি। আমাদের আরও একটি সংক্রিয় মেশিন সংযুক্ত হওয়ার পর ৭ জুলাই থেকে আমরা ৩০০-৩৫০টি নমুনা পরীক্ষা করতে সক্ষম হবো।








