সিপ্লাস ডেস্ক: করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছেন ১০১ জন বাংলাদেশি।
শনিবার দুপুর ১২টার পরে ওমান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম।
এসব বাংলাদেশির ফেরত আসার কারণ তিনি জানাতে না পারলেও ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রেবেশের দায়ে ধরা পড়ার পর তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
শরিফুল হাসান বলেন, “আমরা কথা বলে জেনেছি এই কর্মীরা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হন।
“এরপর বিভিন্ন মেয়াদে ডির্পোটেশন ক্যাম্পে থাকার পর শনিবার একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়।”
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম সন্ধ্যায় বলেন, “তারা কেন ফিরে এসেছে তার কারণ বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলতে পারবেন। কারণ তারা ওই প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন।”
তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।








