নিউজটি শেয়ার করুন

অনুমোদনহীন মাদক নিরাময় কেন্দ্র সিলগালা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত অনুমোদনহীন একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ‘মন নিরাময় কেন্দ্র’ নামে মাদক নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রোর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বাংলানিউজকে বলেন, অনুমোদনহীনভাবে নিরাময় কেন্দ্র পরিচালনার অভিযোগ পেয়ে সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ‘মন নিরাময় কেন্দ্র’ সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক এমরান পালিয়ে যান।

মো. রাশেদুজ্জামান জানান, মন নিরাময় কেন্দ্রে ১২ জন রোগী ছিলেন। এর মধ্যে তিন জনকে অভিভাবকরা তাদের জিম্মায় নিয়ে গেছেন। বাকি নয় জনকে নাসিরাবাদ এলাকায় সরকারি নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।