নিউজটি শেয়ার করুন

অনেকের মনোজগতে এখনও মৌলবাদ ও সাম্প্রদায়িকতার শেকড় : শওকত বাঙালি

হাটহাজারীর নব-নির্বাচিত সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে সংগঠনের কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি ও অন্যান্য অতিথিবৃন্দ।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, দীর্ঘ সাতাশ বছর অতিক্রান্ত হওয়ার পর কেউ কেউ বলছেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ক্ষমতায়, সংবিধানের চার মূলনীতি ফিরে এসেছে, শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচারও সম্পন্ন হয়েছে-এখন আর নির্মূল কমিটির আন্দোলনের কী দরকার! এ কথা সত্য যে, আমাদের ধারাবাহিক আন্দোলনের কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা সম্পর্কে সাধারণ মানুষের, বিশেষভাবে তরুণ প্রজন্মের আগ্রহ বেড়েছে। আমাদের আন্দোলন না থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হতো না, সংবিধানের মৌলবাদীকরণ ও সাম্প্রদায়িকীকরণ বন্ধ করা যেত না। তারপরও পাকিস্তানের মতো রাষ্ট্রধর্মের কলঙ্ক থেকে সংবিধান মুক্ত করা যায় নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এবং অনেকের মনোজগতে এখনও মৌলবাদ ও সাম্প্রদায়িকতা শেকড় গেঁড়ে বসে আছে। তাই নির্মূল কমিটির প্রয়োজন এখনো ফুরিয়ে যায় নি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, হাটহাজারী উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

২৮ ডিসেম্বর, শনিবার, বিকেল ৪টা, হাটহাজারীর চৌধুরী হাটস্থ মর্ণিং ডিউ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, হাটহাজারী উপজেলার আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারীর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

বিশেষ অতিথি ছিলেন জেলা নির্মূল কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ চৌধুরী ভাস্কর, উত্তর জেলা কৃষক লীগ নেতা কামরুল হাসান শিয়ান। প্রধান বক্তা ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার মহিলা বিষয়ক সম্পাদক ও জননেতা রহমতউল্ল্যা চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি নারীনেত্রী রুবা আহসান। মোঃ আমির খসরু সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ-এস.এম শরিফুল ইসলাম, আবু খালেদ, মো. জুবায়ের, মো. রাকিব, শফিকুর রহমান সৌরভ, নূর মুহাম্মদ মানিক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ, আবির হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে মুক্তিযোদ্ধা মো. হোসেন মাস্টারকে আহবায়ক ও মো. আমির খসরু সবুজকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট হাটহাজারী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা শওকত বাঙালি। সভার শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জেলা নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আবু ইউসুফ আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।