সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে ব্ল্যাক-ফাঙ্গাস রোগীর চিকিৎসার জন্য অবশেষে অ্যামফোটেরিসিন-বি ইনজেকশন সংগ্রহ করা হয়েছে।
শনিবার(৩১ জুলাই) দুপুরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ঐ নারীর শরীরে ইনজেকশনের প্রথম ডোজ দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালের চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ যতটুকু ছড়িয়েছে তা যাতে আর না ছড়ায় সে চেষ্টা বলছে। অ্যামফোটেরিসিন-বি ইনজেকশনটি প্রতিদিন ৫ ডোজ করে ১৫ দিন পর্যন্ত দিতে হবে। আপাতত সামান্য কিছু ইনজেকশন যোগাড় হয়েছে। এত আগামী ৪দিন চলবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিরুদ্ধ ঘোষ জয় বলেন, এ রোগীর একটি চোখে এখনো ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে। এটি যাতে তার নাক ও মুখসহ আরো অন্যান্যস্থানে না ছড়ায় তাই একটি অপারেশন করার কথা ভাবছি। এতদিন ইনজেকশন না পাওয়ায় তার শরীরে প্রয়োগ করতে পারিনি। এখন কিছু ইনজেকশন রোগীর স্বজনরা নিয়ে এসেছেন।
তিনি আরো বলেন, এ রোগীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়েছে। প্রতিনিয়ত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য গত ২৫ জুলাই এই নারী করোনা পরবর্তী জটিলতা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে রোগীর শররে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে বলে নিশ্চিত হন।








