সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ দিন করোনার সঙ্গে লড়াই করে মারা গেলেন চট্টগ্রাম নগর পুলিশ সদস্য মো. জহিরুল ইসলাম (৪৪)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, সরকারি দায়িত্ব পালনকালে তিনি গত ৬ ডিসেম্বর করোনা ভাইরাসে সংক্রমিত হন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন।
১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে অদ্যবধি দক্ষতা ও সুনামের সাথে চাকরি করেছেন তিনি। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম মহোদয় শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।








