অযোধ্যায় মসজিদ করার জন্যে বরাদ্দ ৫ একর জমি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড গ্রহণ করবে কিনা– সে বিষয়ে আগামী ২৬ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ওয়াকফ বোর্ড।
রোববার (১০ নভেম্বর) সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর-এনডিটিভি
গত শনিবার অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি রাম মন্দির নির্মাণের জন্যে দেওয়ার কথা বলা হয়। এছাড়া রায়ে মসজিদ নির্মাণের জন্যে শহরের অন্যত্র ‘সুবিধাজনক’ জায়গায় ৫ একর জমি দেওয়ার কথাও বলা হয়।
উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সভাপতি জাফর ফারুকী জানান, জমি নেওয়া হবে কি-না সে সম্পর্কে বিভিন্ন মতামত পাচ্ছেন তিনি। ২৬ নভেম্বর বোর্ডের সাধারণ সভার বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পাঁচ একর জমি নেওয়া হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, যদিও ১৩ নভেম্বর ওই বৈঠকটি হওয়ার কথা ছিল, পরে সেটা স্থগিত হয়ে যায়। মনে করা হচ্ছে- ২৬ নভেম্বর যে বৈঠক হবে সেখানে এই জমি গ্রহণ করা হবে কি-না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ফারুকী বলেন, কিছু ব্যক্তি যদিও এমন পরামর্শ দিচ্ছেন যে বাবরি মসজিদের জন্য বরাদ্দ ওই ৫ একর জমি নেওয়া উচিত নয়, তবে আমি মনে করি এই ধরনের ভাবনা আসলে নেতিবাচকতাই বাড়াবে।
অযোধ্যা ইস্যু সমাধানের জন্য মধ্যস্থতার পক্ষে ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, তবে মধ্যস্থতা সফল না হলেও আমার মতামত পরিষ্কারভাবে দিয়েছি।
জাফর ফারুকী আরও বলেন, আমরাই সিদ্ধান্ত নেব ওই জমি আমরা নেব, কি নেব না। পাশাপাশি বোর্ড ওই দিনের বৈঠকে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করবে যে, শেষ পর্যন্ত জমি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা কীভাবে নেওয়া হবে এবং এর অবস্থা কী হবে, এই বিষয়গুলোতেও আমরা সেদিনই সিদ্ধান্ত নেবো।








