Site icon CPLUSBD.COM

অর্থনীতিতে গতি আনতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং চালুর নির্দেশ

সিপ্লাস ডেস্ক: ব্যাংকগুলোতে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশের অর্থনৈতিক গতিশীলতা স্বাভাবিক করতে মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত ২২ মার্চ জারি করা এক সার্কুলারের মাধ্যমে ব্যাংকিং খাতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং এর কমিউনিটি ট্রান্সমিশন রোধে বিশেষ পরিস্থিতিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নিরবচ্ছিন্ন জরুরি ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ, অন-লাইন ব্যাংকিং সেবা জোরদার করা, রেশনিং/রোস্টারিংয়ের মাধ্যমে অফিসের কার্যক্রম সম্পন্ন করা, প্রযোজ্য ক্ষেত্রে কোয়ারেন্টিন ছুটি প্রদান, পারস্পরিক দূরত্ব বজায় রাখা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি পরিপালনসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়’।

এখন দেশের অর্থনৈতিক গতিশীলতা স্বাভাবিক করার লক্ষ্যে ব্যাংকগুলোর কার্যক্রম নিম্নরূপভাবে চালাতে হবে-

> ব্যাংকগুলো নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিক দাপ্তরিক/ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।

>> অ-বিকলনযোগ্য ছুটির বিষয়ে ঝুঁকিপূর্ণ (বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী)/ কোভিড-১৯ রোগে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারী ও সন্তান সম্ভবা নারীরা চিকিৎসকের প্রত্যয়ন/মেডিকেল সার্টিফিকেট স্ব স্ব কর্তৃপক্ষের কাছে দাখিল করে অফিসে আগমন হতে বিরত থাকবেন।

>> ব্যাংকগুলোর সান্ধ্যকালীন এবং প্রযোজ্য ক্ষেত্রে সাপ্তাহিক ছুটিকালীন (শুক্রবার ও শনিবার) কার্যক্রম স্বাভাবিক নিয়মে পূর্বের ন্যায় পরিচালিত হবে।

>> এর বাইরে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

করোনাভাইরাসের কারণে দুই মাস সীমিত পরিসরে সেবা দেওয়ার পর গত ৩১ মে থেকে স্বাভাবিক লেনদেন হচ্ছে ব্যাংকগুলোতে।