এসএ গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়রথ ছুটছেই। মালদ্বীপকে ২৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এ নিয়ে দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত গেমসে টানা ৩ ম্যাচে অনবদ্য জয় তুলে নিলেন সালমা বাহিনী।
এ পথে অসংখ্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে এটিই নারীদের সবচেয়ে বড় জয়। এর আগে সর্ববৃহৎ জয় ছিল ৭০ রানে মালয়েশিয়ার বিপক্ষে। বৈশ্বিকভাবে এটি তৃতীয় বড় জয়। তাদের সামনে রইল উগান্ডা (৩০৪) ও তানজানিয়ার (২৬৮) মেয়েরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। সূচনালগ্নে রানআউটে কাটা পড়েন শামীমা সুলতানা (৫)। সেই রেশ না কাটতেই বোল্ড হন সানজিদা ইসলাম (৭)।এরপর দৃশপটে আসেন নিগার সুলতানা ও ফারজানা হক। ধীরে ধীরে সব আলো নিজেদের ওপর কেড়ে নেন তারা।
তৃতীয় উইকেটে ২৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিগার ও ফারজানা। তৃতীয় উইকেটে তো বটেই, যেকোনো উইকেটে এটি বিশ্ব টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি।
১৮তম ওভারের ৫ম বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেন নিগার। এতে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের প্রথম সেঞ্চরিয়ান বনে যান তিনি। শেষ ওভারের চতুর্থ বলে ৪ মেরে শতক পূর্ণ করেন ফারজানাও। ফলে তাতে ভাগ বসান তিনি।
ফলে একদিনে ‘প্রথম’ সেঞ্চুরিয়ান দুজন পেয়ে যায় বাংলাদেশ। এর আগে নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি একবারই দেখেছে বিশ্ব। গেল জুনে মালির বিপক্ষে সেঞ্চুরি করেন উগান্ডার প্রসকোভিয়া আলোকা ও রিতা মুসামালি।
শেষ পর্যন্ত ৬৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১১৩ রানে অপরাজিত ছিলেন নিগার। এটি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। আর মাত্র ৫৩ বলে ২০ বাউন্ডারিতে ১১০ রানের হার না মানা ইনিংস খেলেন ফারজানা।
তাদের টর্নেডো ব্যাটিংয়ে ভর করে ২ উইকেটে ২৫৫ রানের পাহাড়সম স্কোর গড়ে বাংলাদেশ।








