সিপ্লাস ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সিরিজ জয়ের মিশনে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করতে পেরেছে তারা।
জয়ের জন্য অজিদের লক্ষ্য ১২৮ রান। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে, অস্ট্রেলিয়ার হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পেসার নাথান এলিস।
এদিন, বৃষ্টির কারণে খেলা শুরু হতে এক ঘণ্টারও বেশি সময় বিলম্ব হয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ব্যাট করতে নামেন দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।
শুরুতেই দলীয় স্কোর তিন হতেই দুই ওপেনার বিদায় নেন। এরপর সাকিব ও মাহমুদুল্লাহ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দু’জনে দারুণ একটি জুটিও গড়ে তোলেন। কিন্তু দলের ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রান করে বিদায় নেন সাকিব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।
এর বাহিরে আফিফ হোসেন করেছেন ১৯ রান ও নুরুল হাসান সোহান ১১ রান। দু’জনেই দুর্ভাগ্যজনকভাবে রান আউটের কবলে পরেন।
অজিদের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন অভিষিক্ত নাথান এলিস। তিনি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।








