নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় বৃহত্তর চট্টগ্রাম সমিতির মেজবান ও মিলনমেলা

বৃহত্তর চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার বুকে মিলনমেলার আয়োজন করেছে।এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।

২৭ অক্টোবর রোববার অস্ট্রেলিয়ার লিভারপুলের উইটলেম লেসার সেন্টারে অনুষ্ঠিত জমজমাট এ আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘদিনের ব্যাপক প্রচার-প্রচারণা আর নানা জল্পনা-কল্পনার ষোলকলা পূর্ণ হয়েছে।

এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু বলেন, এমন আয়োজনে সিপ্লাসটিভি পাশে থাকায় আমরা সফলতার শীর্ষে পৌঁছতে সক্ষম হয়েছি। যার মাধ্যমে আমাদের এ উদ্যোগ সারা বিশ্বের মানুষ দেখতে এবং জানতে পেরেছে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এক বছরের স্বপ্ন বাস্তবায়িত হল। এতে চট্টগ্রামের ইতিহাস-সংস্কৃতি প্রতিফলিত হয়েছে।

সংগঠনের প্রধান পৃষ্টপোষক হাসান মাহমুদ চৌধুরী বলেন, এ আয়োজনে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরও সমাগম হয়েছে। তারা চট্টগ্রামের স্বাদ, রন্ধন প্রক্রিয়াসহ নানা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে পারায় আমরা আনন্দিত।

অস্ট্রেলিয়ার বুকে মেজবান রান্না করতে চট্টগ্রাম থেকে নিয়ে যাওয়া হয় বিখ্যাত রন্ধনশিল্পী আবুল হোসাইন বাবুর্চিকে। তিনি উৎসবে কয়েক হাজার লোকের জন্য মেজবানের মাংস রান্না করেন। তার যাবতীয় কাজে সহযোগীতা করেন অস্ট্রেলিয়া প্রবাসী চট্টগ্রামের সন্তানরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।সকাল থেকে মানুষের উপস্থিতি শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ব্যাপক সমাগমে অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়। উপস্থিত সকলের জন্য মেজবানের পাশাপাশি চায়ের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেলা বিস্কুট ও মিষ্টি পানের ব্যবস্থা রাখা হয়। দীর্ঘদিন পর সকলে একত্রিত হয়ে আড্ডা, কুশল বিনিময়সহ নানা আনন্দে আত্মহারা হয়ে উঠেন।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, চট্টগ্রামের মেজবান একটি লৌকিক, আন্তরিকতা ও আনুষ্ঠানিকতার বিষয়। দেশের উন্নয়নে প্রবাসীদেরকেও আমরা সরকারের পাশে দেখতে চাই। চট্টগ্রামের মানুষে সারা বিশ্বে ছড়িয়ে আছে। সিপ্লাসের মাধ্যমে সারা বিশ্বের চট্টগ্রামের মানুষরা একটি প্লাটফর্মে একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যারিসটার মনোয়ার হোসেন বলেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা চট্টগ্রামের মানুষকে নিয়ে আমরা একটি কনভেনশনের আয়োজনের করতে চাই। যার উদ্দেশ্য চট্টগ্রামের জন্য যৌথভাবে কিছু করার চেষ্টা।এ ব্যাপারে ইতিমধ্যে অনেকের সাথে কথা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের মানুষরা মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, সিপ্লাস প্রবাসীদেরকে চট্টগ্রামের খবরাখবর জানার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দর্শক নন্দিত সিপ্লাসটিভি আরো বহুদূর এগিয়ে যাবে এটা আমাদের সকলের প্রত্যাশা।

সবার শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী।