আনোয়ারা প্রতিনিধি: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ছানা, মিষ্টি, রসমালাই তৈরি ও বিক্রি করায় আনোয়ারায় দক্ষিণ শোলকাটার ছানা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, চাতুরী এলাকার সুইট কিং ও চৌমুহনী বাজারের রুবি মিষ্টি মহলকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শোলকাটা ও চাতুরী চৌমুহনী বাজারে ওই ছানা ও মিষ্টি প্রস্তুতকারক দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে দুধ থেকে ছানা আর এসব ছানা যাচ্ছে নামীদামী দোকানে। অন্যদিকে অনুমোদন ছাড়া প্যাকেট ব্যবহার করে মিষ্টি বিক্রি হচ্ছে এবং রসমালাই, দই তৈরি করা হচ্ছে। রাখা হচ্ছে ফ্রিজে, কিন্তু ফ্রিজ খুললেই বের হচ্ছে দুর্গন্ধ। মিষ্টি তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। আর মিষ্টি রাখা হচ্ছে খোলা পরিবেশে। দোকানের আলমারিতে রাখা হচ্ছে মিষ্টি কিন্তু আলমারিই ময়লায় ভর্তি, নেই কোন সুরক্ষা। ময়লা কাপড় দিয়ে মিষ্টি ঢেকে রাখা হচ্ছে।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করার অপরাধে ছানা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ১০ হাজার, সুইট কিং কে ৩০ হাজার ও বাজারে রুবি মিষ্টি মহলকে ২৫ হাজার মোট ৬৫ হাজার জরিমানা করে তা আদায় করা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দোকানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই’র পরিদর্শক মোঃ মুকুল মৃদা।

