নিউজটি শেয়ার করুন

অ্যাম্বুলেন্সে রোগীর বদলে গাঁজা!

নানা কৌশলে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় গাঁজা চালান দেওয়া হচ্ছে। এবার অ্যাম্বুলেন্সে করে ১৩ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে লালমনিরহাট জেলার গোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে সদরের কুলাঘাট বাজার থেকে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এছাড়া সদর থানা পুলিশের অভিযানে চার জনকে সাত কেজি গাঁজা ও আড়াইশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট বাজার এলাকায় অভিযান চালানোর সময় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আসা বগুড়াগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চার ব্যক্তিকে সাত কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম বলেন, ‘কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আশকারনগর এলাকার সজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৪), একই জেলার রৌমারী উপজেলার বামনের চর এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে মো. শেখ ফরিদ (১৯), ভুরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী (জমিরদারপাড়া) এলাকার আজহার আলীর ছেলে মো. সোহেল রানা, ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার আব্দুল জব্বারের ছেলে মোক্তার আলী, রৌমারী উপজেলার আমবাড়ী এলাকার তমসের আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক আতিক হাসান (২৩) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ এলাকার আব্দুল কাদের মোল্লার ছেলে আয়নাল হক (২৮)-কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’