নিউজটি শেয়ার করুন

আইআইইউসির ১৫ কোটি টাকা আত্মসাত মামলা: জামায়াত নেতা শামসুল ইসলাম দুইদিনের রিমান্ডে

জামায়াত নেতা শামসুল ইসলাম দুইদিনের রিমান্ডে
আদালতে জামায়াত ইসলামীর নেতা আ ন ম মুহাম্মদ শামসুল ইসলাম

সিপ্লাস প্রতিবেদক: জামায়াত ইসলামীর নেতা আ ন ম মুহাম্মদ শামসুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি)-এর প্রায় ১৫ কোটি টাকা আত্মসাত মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানা আদালত সেরেস্তাদার এএসআই মাকসুদ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন তার বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ মামলায় শামসুল ইসলামের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী অফিসার সুমন বণিক।

পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে অধিকতর শুনানী শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আ ন ম মুহাম্মদ শামসুল ইসলাম চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সাংসদ ছিলেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হুমায়ুন কবির বাদী হয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সাংসদ আ ন ম মুহাম্মদ শামসুল ইসলামসহ ১০ জনকে আসামী করে বিশ্ববিদ্যায়ের অর্থ আত্মসাত মামলাটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন, আরেক জামাতের নায়েবে আমির প্রফেসর আহসান উল্ল্যাহ ভূঁইয়া, মোহাম্মদ আমীরুজ্জামান, প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক মো. ড. আলী আজাদী, তৌফিকুর রহমান, মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, আব্দুল খালেক।

আদালত সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ব্যাংকে হিসাবে লেনদেনের নিয়ম থাকলেও শামসুল ইসলামসহ তার অনুসারী ১০ জন শিক্ষক কর্মকর্তা পরস্পরের যোগসাজশে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সালের বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির নিরীক্ষণে এ বিপুল অংকের অর্থের হদিস না পাওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হুমায়ন কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে এই অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় শামসুল ইসলামের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে অধিকতর শুনানী শেষে দুইদিনের রিমান্ড মন্জুর করেন আদালত।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ঢাকায় অভিযান চালিয়ে সাবেক সাংসদ ও জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলামকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here