মোঃ নেজাম উদ্দীন,আদালত প্রতিবেদক: অবিলম্বে চট্টগ্রাম পরীর পাহাড় কোর্ট বিল্ডিং থেকে জেলা প্রশাসন (ডিসি) ও বিভাগীয় কমিশনারের সব দপ্তর ডিসি হিলে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমিতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানায় ।
বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আইনজীবীদের নতুন ভবন নির্মান নিয়ে জেলা প্রশাসকের দ্বন্দ্বের বিষয়ে এক সাধারণ সভায় বক্তারা এমন ক্ষোভ প্রকাশ করেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসনের তরফ থেকে সরকারী ভবন ছাড়া অন্য কোন ভবনে সেবা না দেয়ার জন্য ওয়াসা, সিডিএ, গ্যাসসহ বিভিন্ন সংস্থায় দেয়া চিঠির পাল্টা চিঠি দেবেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আইনজীবীদের নতুন দু’টি ভবন নির্মাণ নিয়ে পরোক্ষ ইঙ্গিত করে জেলা প্রশাসনের দেয়া সকল চিঠির জবাব দিবেন তারা এবং চিঠির জবাবে ‘প্রকৃত তথ্য’ উল্লেখ থাকবে বলে জানান আইনজীবী সমিতির নেতারা।
মুলত: পরীর পাহাড় খ্যাত চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকায় আইনজীবীদের জন্য নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসন ও আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ভবন নির্মাণ নিয়ে আপত্তি তুলে সম্প্রতি সরকারী ভবন ছাড়া অন্য কোন ভবনে সেবা না দিতে ওয়াসা, সিডিএ, গ্যাসসহ বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠান জেলা প্রশাসন।
এর প্রতিবাদে গত বুধবার বিকাল ২টায় সমিতির মিলনায়তনে এ সাধাৱণ সভার আয়োজন করেন আইনজীবীরা। উক্ত সভায় সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিনের সঞ্চলনায় সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিন। আরও বক্তব্য রাখেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মো. মুজিবুল হক, সমিতির সাবেক সভাপতি যথাক্রমে আনোয়ারুল ইসলাম চৌধুরী, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, এ.এস.এম. বদরুল আনোয়ার, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, আইয়ুব খান, সাবেক সহ সভাপতি এম. এ. নাসের চৌধুরী, সাবেক সহ সাধরাণ সম্পাদক কাজী মোহাম্মদ নাজমুল হক, মুহাম্মদ কবির হোসাইন, সাবেক মহানগর পিপি আবদুস সাত্তার, সিনিয়র আইনজীবী রফিক আহমদ, আকবর আলী, মোহাম্মদ তৈয়ব কিরণ, জাফর ইকবাল, আনোয়ার হোসেন আজাদ, মোহাম্মদ ইকবাল হোসাইন, হোসেন মো. আশরাফ উদ্দিন প্রমুখ।
বক্তাদের বক্তব্যে ছিল ক্ষোভের উত্তাপ। সভায় বক্তারা, চট্টগ্রাম আদালত ভবন থেকে ডিসি ও বিভাগীয় কমিশনারের দপ্তর অবিলম্বে ডিসি হিলে স্থানান্তর, সম্প্রতি আইনজীবী সমিতির বিভিন্ন ভবন নিয়ে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন সংস্থাকে দেয়া ডিসির চিঠি প্রত্যাহার, ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তী সৃষ্টি করে পত্রিকায় ডিসির দেয়া বিজ্ঞাপন প্রত্যাহার করে বিজ্ঞপ্তি প্রচার, আইনজীবীদের নতুন দুটি ভবনের কার্যক্রম অব্যাহত রাখা, বিভিন্ন সংস্থায় ডিসির দেয়া চিঠির প্রতিবাদে প্রকৃত সত্য জানিয়ে সংশ্লিষ্ট সংস্থায় সমিতির তরফে উল্টো চিঠি দেয়ার বিষয়ে আলোকপাত করেন। এছাড়া পরবর্তীতে সমিতির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকগণের যৌথ সভায় সিদ্ধান্ত পরবর্তী করণীয় ঠিক করার প্রস্তাব গ্রহন করেন।

