সিপ্লাস ডেস্ক: সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সোমবার(১২ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর নিউ মার্কেট মোড়ে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বক্তারা বলেন, আইনের পাশাপাশি সচেতনতা ও প্রতিরোধই ধর্ষনের মতো ঘৃণ্য ও অপরাধ বন্ধ করতে পারে। ধর্ষণের শিকার নারীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে। বিশেষ করে এ ব্যাপারে ছাত্র ও যুবদের বিশেষ ভ’মিকা পালন করতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, এ সব অপরাধের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। সামাজিক ও ধর্মীয় সভায় নারী বিদ্ধেষী বক্তব্য প্রদান বন্ধ করতে হবে , এ ধরনের বক্তব্য যারা প্রদান করবেন তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে এদের প্রতিরোধ ও বয়কট করতে হবে।
বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খোকন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি ডা: মো: মহসিন ।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড সুপায়ন বড়ুয়া, অধ্যাপক শিবু দাশ, বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা সহ সভাপতি আবুল মনসুর , যুব নেতা পারভেজ রায়হান , বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি সাইফুদ্দিন সুজন, মহানগর সাধারণ সম্পাদক এড. আলাউদ্দিন প্রমুখ।








