সিপ্লাস ডেস্ক: ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের খেলোয়াড় নিলাম। এই নিলামের জন্য বৃহস্পতিবার রাতে ২৯২ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই তালিকায় বাংলাদেশ থেকে আছেন চারজন। তারা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে আছেন সাকিব। ভিত্তি মূল্যে এক কোটি রুপিতে আছে মোস্তাফিজ। আর মাহমুদউল্লাহর ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি এবং সাইফউদ্দিনের ভিত্তি মূল্য ৫০ লাখ রুপি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। আর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। ওই আসরে শিরোপা জিতে হায়দারাবাদ। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও হন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেনে ‘দ্য ফিজ’। আইপিএলে সর্বমোট ২৪টি ম্যাচ খেলেছেন তিনি।
দেশি-বিদেশি মিলিয়ে ২৯২ জনের নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় চেন্নাইয়ে হবে ১৪তম আসরের নিলাম।








