Site icon CPLUSBD.COM

আউটার রিং রোডে সংঘবদ্ধ ধর্ষণ, কথিত প্রেমিকসহ গ্রেফতার ৩

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বন্দর থানাধীন আউটার রিং রোডে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষিতা গার্মেন্ট কর্মীর কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন- কথিত প্রেমিক শফিকুল ইসলাম, বাদশা ও শাহীন। জোবাইর নামের একজন পলাতক রয়েছে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দর থানার উত্তর মধ্যম হালিশহর এলাকার আউটার রিং রোডে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বন্দর থানার ওসি নিজাম উদ্দিন  বলেন, ‌‘গতকাল রাত আড়াইটার দিকে নাইট ডিউটি করার সময় উত্তর মধ্যম হালিশহরে আমাদের একটা টিম একজন নারী গার্মেন্ট কর্মীকে বিধ্বস্ত অবস্থায় পায়। তখন ওই নারী পুলিশকে জানায়, তাকে কথিত প্রেমিকসহ চার জনে মিলে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। তখন তার দেওয়া তথ্যমতে প্রেমিকসহ তিনজনকে দিনভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।’

ওসি নিজাম আরো বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করছে, তারা পূর্ব পরিচিত একজনের মাধ্যমে ওই যুবতীকে টাকার বিনিময়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই শারীরিক সম্পর্ক করেছেন। অন্যদিকে ভিকটিমের দাবি, তার সাথে আসামিদের মধ্যে শফিকুলের সম্পর্ক ছিল। তার সাথে বিকেলে আউটার রিং রোডে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। পরে প্রেমিকসহ অন্য তিনজন যোগ দেয়। এরপর জোর করে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।’

এ ঘটনায় গ্রেফতার তিনজনকে সোমবার বিকেলে আদালতে হাজির করা হয়। আদালতের কাছে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে আনার আবেদন করে পুলিশ। তবে আদালত আগামীকাল মঙ্গলবার রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে তাদের কারাগারে পাঠায়।