সিপ্লাস প্রতিবেদক: নগরীর আকবরশাহ এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ জানুয়ারি) সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান।
গোয়েন্দা পুলিশ ও আকবর শাহ থানা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করেছে।
আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ এলাকার নুরে আলম প্রকাশ নুরুর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় সাজাও রয়েছে নুরুর বিরুদ্ধে।
নুরু আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরু বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল নুরু।








