সিপ্লাস প্রতিবেদক: আবারো আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার থেকে যুবকের লাশ পড়লো। ২ নম্বর গেইট এলাকায় থেকে লাফিয়ে পড়ে আলী আকবর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি বাকলিয়া থানার বলিরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গত কয়েকদিন আগেও এক বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্লাইওভার থেকে পড়ে নিহত হয়েছিলো। যা এখন হত্যা মামলায় রূপান্তর হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
খুলশী থানার এএসআই আনসারুল হক বলেন, ২ নম্বর গেইট এলাকায় হঠাৎ করে ওপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই। দেখি এক যুবক মুর্মূষু অবস্থায় পড়ে আছে। এ সময় আমি তাৎক্ষনিক তাকে সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সিএনজিতে যাওয়ার সময় নাম আলী আকবর ও বাড়ি বাকলিয়া থানার বলিরহাট বলেছে। তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। তাকে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দীন বলেন, ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়া ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।








