নিউজটি শেয়ার করুন

আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকালে ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত মো. রায়হান (২৫) বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে।

খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান  জানান, লালখান বাজার থেকে মুরাদপুরের দিকে যাওয়ার পথে গরীবউল্লাহ শাহ মাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, দ্রুত গতির মোটরসাইকেলের সাথে পিকআপের সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর তিনি মারা যান।

দুর্ঘটনার পর চালকসহ পিকআপটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, “মোটরসাইকেল আরোহী পেছন থেকে পিকআপের পেছনে ধাক্কা দিয়েছে। তবে পিকআপটি সেখানে দাঁড়ানো ছিল নাকি চলন্ত অবস্থায় ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া জানান, স্থানীয় লোকজনের সহায়তায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।