নিউজটি শেয়ার করুন

আগুন লাগার পর ডুবলো ইরানের বৃহত্তম জাহাজ

সিপ্লাস ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে আগুন লাগার পর ইরানের নৌবাহিনীর অন্যতম বৃহত্তম জাহাজটি ডুবে গেছে। ‘খার্গ’ নামের জাহাজটি দেশটির নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল।

বুধবার (০৩ জুন) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে জাহাজটিতে আগুন লাগে। এরপর প্রায় ২০ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়েও জাহাজটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে জাহাজের ৪০০ জন ক্রু ও প্রশিক্ষণার্থীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪০ জন আহত হয়েছেন।

রাতে তোলা একটি ছবিতে দেখা গেছে, লাইফ জ্যাকেট পরিহিত ক্রুদের পেছনে আগুন জ্বলছে এবং তারা পালানোর চেষ্টা করছেন। দিনের বেলা তোলা আরেকটি ছবিতে দেখা গেছে সেখান থেকে ভারী ধোঁয়া বের হচ্ছে এবং তখনো আগুন জ্বলছিল।

ইরানের নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, জাহাজের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ক্রমেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। এটি এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল। ইরানের সর্ববৃহৎ জাহাজ মাকরানের পরেই ছিল এর অবস্থান। পারস্য উপসাগরে ইরানের দ্বীপ খার্গের নামে এটির নামকরণ করা হয়েছিল।

এটি দীর্ঘ ৪০ বছর ধরে ইরানের নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে ইরানের নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে।

জাহাজটি দেশটির রাজধানী তেহরান থেকে প্রায় ১,২৭০ কিলোমিটার (৭৯০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং হরমুজ প্রণালীর কাছাকাছি ডুবে যায়। এটি ব্রিটেনে নির্মিত হয়েছিল এবং ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের কিছুদিন আগে চালু করা হয়েছিল। এর কয়েক বছর পরে ১৯৮৪ সালে এটি ইরানের নৌবাহিনীতে প্রবেশ করে।