সিপ্লাস প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বিকালে বালতি কোম্পানী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
পরিবারের দাবি, ঝগড়ার এক পর্যায়ে আক্কাস আলী বাচ্চু (৪৫) ইট দিয়ে বড় ভাই মো. আজগর আলী (৫০)কে আঘাত করেন। আঘাতের কারণে বড় ভাই আজগর নিহত হয়েছেন।
তবে এলাকাবাসী অনেকেই বলছেন, ধাক্কা দেয়ার কারণেই তিনি ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা যায়।
দুইজনই উক্ত এলাকার মফজল আহমদ সওদাগরের ছেলে।
ওসি সদীপ বলেন, দুই ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আক্কাস আলী তার বড় ভাই আজগর আলীকে ধাক্কা দিলে তিনি মারা যান। নিহতের মেয়ে দাবি করেছেন, ইট দিয়ে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করছি।
অভিযুক্ত ছোট ভাই আক্কাস আলী বাচ্চু (৪৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে তিনি জানান।








