সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদ ডেবার পাড় মসজিদের সামনে সংস্কার কাজ চালানোর সময় পুরোনো সীমানা দেওয়াল ধ্বসে দুই জন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার(২৯ জানুয়ারি) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই জনের নাম শহীদুল্লাহ ও আল আমিন। নিহত শহীদুল্লাহর বাড়ি নোয়াখালী বলে জানিয়েছে পুলিশ। আল আমিনের বাড়ি রংপুর। তিনি আগ্রাবাদে ভাড়া বাসায় থাকতেন।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ ঘটনাস্থল থেকে সিপ্লাসকে জানান, জুমার নামাজের পর স্থানীয় একটি পুরোনো কমিউনিটি সেন্টারের সংস্কার কাজ চালানোর সময় সীমানা দেওয়ালটি ভেঙে পড়ে এই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের উপর দেওয়াল এর ভাঙা অংশ পড়লে ৬জন গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শহীদুল্লাহ ও আল আমিনকে মৃত ঘোষণা করে।
গুরুতর আহত ৪ ব্যক্তিকেও চমেকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিআই এর ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস, ঘটনাটির ছায়া তদন্ত করা হচ্ছে বলে জানান।
এ ব্যাপরে জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন দূর্ঘটনার কারণ খুঁজে দেখছেন বলে জানান।








