নিউজটি শেয়ার করুন

আজই সরকারি অফিস-আদালত বন্ধ হতে পারে

করোনা ভাইরাস বা কোভিড-১৯ নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে দেশের সরকারি অফিস-আদালত বন্ধ হতে যাচ্ছে। ছুটির সময়ে পুলিশ ও হাসপাতাল ছাড়া সব সেবা বন্ধ থাকবে। সোমবার (২৩ মার্চ) দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারের অফিস-আদালত বন্ধ হয়ে যাচ্ছে। সোমবার বিকেলে এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দিতে পারেন বলে জানানো হয়েছে।

এই বিষয়ে গণমাধ্যমটির পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত বলতে চাননি। তবে তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব ও তথ্যসচিবের আজ সংবাদ সম্মেলন করার কথা। সেখানে একটা ঘোষণা আসবে।