নিউজটি শেয়ার করুন

আজকের মধ্যে হলি ক্রিসেন্ট অধিগ্রহণ, দুদিনের মধ্যে করোনা চিকিৎসা শুরু

সিপ্লাস প্রতিবেদক: উদ্বোধনের ৬ দিন পরও করোনা চিকিৎসার জন্য চালু হয়নি চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতাল।

উদ্বোধনের ব্যাপারে তোড়জোড় থাকার পরও পর্যাপ্ত লোকবল সংকটের কারণে চিকিৎসা সেবা শুরু করা যায়নি।
এমন অনিশ্চয়তার মধ্যে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ জানালেন, আজ বুধবারের মধ্যে হলি ক্রিসেন্ট হাসপাতাল অধিগ্রহণ করা হবে। দুদিনের মধ্যে শুরু হবে করোনা চিকিৎসা। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৭ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতাল এখন প্রস্তুত। যে কোন সময় এ হাসপাতালে করোনা চিকিৎসা শুরু করা যাবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আগ্রাবাদ সিটি সেন্টারকে (কমিউনিটি সেন্টার) ৩০০ শয্যার আইসোলেশনের জন্য প্রস্তুত করা হবে। পর্যায়ক্রমে আরো কমিউনিটি সেন্টারকে আইসোলেশনের আওতায় আনা হবে।
নগরীর পার্ক ভিউ হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ইউনিট। আগামী ২/৩ দিনের মধ্যে অধিগ্রহণ করা হবে ইম্পেরিয়াল হাসপাতাল ও ইউএসটিসি।
তিনি আরও বলেন, নগরীর ১১ টি স্পটে করোনা টেস্টিং বুথ স্থাপন করা হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে নগরীর কাট্টলী মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেমন টু হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিম দাতব্য চিকিৎসালয় ও বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরো ৫টি বুথ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। যার ফলে বুথগুলোতে নমুনা প্রদান করে সহজে পরীক্ষা সহায়তা পাবেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবাদিকদের জন্যও চট্টগ্রামের আইসোলেশনের ব্যবস্থা থাকবে। এ ক্ষেত্রে ইউএসটিসি হাসপাতালের পাশাপাশি বিকল্প ব্যবস্থাও থাকবে।
জানা গেছে, হলি ক্রিসেন্ট হাসপাতালটি প্রস্তুতের পর ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয় জটিলতা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের অধীনে পরিচালনার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক। কিন্তু এতে অপারগতা প্রকাশ করে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় জেনারেল হাসপাতালের অধীনে একজন সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা নিয়োগের মাধ্যমে হাসপাতাল  চালু করার নির্দেশ দেয়।
এর আগে গত ২১ মে নগরের খুলশীতে অবস্থিত ১০০ শয্যার এই হাসপাতালটি উদ্বোধন করেন সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন। হলি ক্রিসেন্ট হাসপাতালটি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইউনিট-২ হিসেবে পরিচালিত হবে।