চট্টগ্রামের আঞ্চলিক ভাষা রক্ষা করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে সিপ্লাস টিভি।
সিপ্লাস টিভির সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা সনদ প্রদান করে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ভবন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আধুনিক ভাষা ইন্সটিটিউটের সিম্পোজিয়ামে এই সনদ প্রদান করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক ইব্রাহিম হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা বিভাগের ডিন প্রফেসর ড. মহিবুল আজিজ।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষক ড. মঞ্জুরুল আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইন্সটিটিউটের প্রভাষক নূর জাহান ও ফারিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী, সাবরিনা ইসলাম সুইটি, সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি আব্দুল করিম ও পালি বিভাগের সভাপতি প্রফেসর ড. জ্ঞান রত্ন শ্রমণ।
প্রফেসর ড. মহিবুল আজিজ তাঁর বক্তব্যে বলেন- ভাষা হচ্ছে অমূল্য সম্পদ। যা মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করে। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। জাতিসত্তার সবচেয়ে বেশি জরুরী বিষয় হচ্ছে ভাষা। বাংলা ভাষার অর্জন ত্যাগের মাধ্যমে। নিজের ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে কখনো রপ্ত এবং ভালবাসা যায় না। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রবাদ প্রবচন নিয়ে বিদেশী লেখক এন্ডারসনের রচিত বই প্রকাশিত হয় ১৮৯৭ সালে। যা বিশ্বের বিখ্যাত ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত।
অন্যান্য বক্তারা বলেন- ভাষার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসিন সমাজের শিক্ষিত জনগোষ্টি। বিশেষ করে আঞ্চলিক ভাষার ক্ষেত্রে সবাইকে হীনমন্যতা পরিহার করতে হবে। নিজস্ব ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে কখনো অমর্যদাবোধ করা যাবে না।
সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু বলেন- চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষার মধ্যে অন্যতম। যে কারণে এ ভাষা উপভাষাকে ছাড়িয়ে বিশেষ মর্যাদার আসন লাভ করেছে।দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা আমাদের অলংকার। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভাষা আমাদের আবেগ ও আনন্দের জায়গা। বিদেশী ভাষার দাপটে বিশ্বের অনেক ভাষা এখন বিলুপ্তির পথে। তা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ছয়টি মূল বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গড়ে ওঠা। তার মধ্যে অন্যতম হচ্ছে ‘চট্টগ্রামের ভাষার উপর বিশেষ গবেষণা’।

আলোচনা শেষে সিপ্লাসটিভির এডিটর ইন চিফ আলমগীর অপুর হাতে প্রশংসা সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহিবুল আজিজ এবং অনুষ্ঠানের সভাপতি আধুনিক ভাষা ইন্সটিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক ইব্রাহিম হোসাইনসহ উপস্থিত অতিথিবৃন্দ।
সিম্পোজিয়ামের দ্বিতীয় পর্যায়ে ‘Language maintenance and language education in a globalized world’ বিষয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।








