সিপ্লাস প্রতিবেদক: আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে নগরীর রাহাত্তার পুল ও বলির হাট থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন শারমিন আক্তার লিজা, রিমা আক্তার নাছিফা (২৬) ও কায়সার প্রকাশ হাসান( ২৯)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ১১ জুন শুক্রবার বাকলিয়া থানায় হাজির হয়ে অভিযোগ দাখিল করেন বাদী মোহাম্মদ মনজুর আলম।
অভিযোগপত্রে দেখা যায়, গত ৩ জুন পূর্ব পরিচয়ের সূত্র ধরে তিনি শারমিন আক্তার লিজার বাড়িতে যান। এসময় শারমিন আক্তার লিজা পূর্ব পরিকল্পিতভাবে সহযোগীদের সহায়তায় বাদীর হাত পা বেঁধে মারধর শুরু করে ও মুক্তিপণ হিসেবে চার লক্ষ টাকা দাবী করে। একপর্যায়ে সে নির্যাতন সহ্য করতে না পেরে সাথে থাকা ৫০,০০০ টাকা দিয়ে দেয়। কিন্তু এতেও মারধর বন্ধ না করে বিবাদীগণ জোরপূর্বক তার মানিব্যাগে থাকা ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড ও পিন নাম্বার নিয়ে বুথ থেকে এক লক্ষ টাকা তুলে নেয়। এছাড়াও তার বিকাশে থাকা ৭০০০ টাকাও তুলে নেয়। পরবর্তীতে একটি সিএনজি করে কালা মিয়া বাজার এনে ফেলে দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন তখন বাদীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে বলে জানিয়েছেন বাকলিয়া থানার আদালত সেৱেস্তা।








