কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে আট লক্ষ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। আটককৃতের নাম জামাল।
রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ইনানী পয়েন্ট থেকে এই বিশাল ইয়াবার চালান নিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর পথে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে অভিযানে গেলে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্যমতে পাশের ঝোপ থেকে আট লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব দাবি করছে, এটি এ বছরে উদ্ধারকৃত ইয়াবার চালানের মধ্যে সর্ববৃহৎ চালান। এর মূল হোতা কে জানতে আটককৃত জামালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।








