Site icon CPLUSBD.COM

আত্মগোপনে থাকা করোনা রোগীর খোঁজ মিলছে

সিপ্লাস ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে করোনা পজিটিভ খবর পেয়ে আত্মগোপনে থাকা সেই রোগীকে খুঁজে পেয়েছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে তাকে পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা করোনা আক্রান্ত রোগীটি নারায়ণগঞ্জ জেলায় এরিস্টোফার্মা নামে একটি ওষুধ কম্পানির মেডিক্যাল রি-প্রেজেন্টেটিভ ছিলেন। কয়েকদিন আগে তিনি শাজাহানপুর উপজেলা ফুলতলা ভাড়া বাড়িতে আসেন।

সেখানে স্ত্রী ও ১০-১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার স্ত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। করোনার উপসর্গ না থাকলেও শুধুমাত্র নারায়ণগঞ্জফেরত এ কারণে পরিবারের চাপে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন।

২৮ এপ্রিল নমুনা পরীক্ষা রিপোর্টে করোনা পজিটিভ এলে বিষয়টি তাকে ফোনে জানানো হয়। এরপর থেকে তার ফোন বন্ধ এবং তার ভাড়া বাসা খুঁজে পাচ্ছিল না প্রশাসন। অবশেষে শাজাহানপুরের ফুলতলা এলাকায় তার ভাড়া বাসা খুঁজে বের করে সেখান থেকে তার গ্রামের বাড়ির ঠিকানায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়।

এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন বলেন, ফুলতলা এলাকায় ভাড়া বাসা সহ ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নিজ বাড়িতেই তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে সদর উপজেলা প্রশাসন।