সিপ্লাস ডেস্ক: করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিম ওরফে মোহাম্মদ শাহেদকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে। আদালতে শাহেদের আরও ৪০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
করোনা টেস্টের ভুয়া সনদ দেওয়ার অভিযোগ নিয়ে গত ৬ জুলাই রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান শাখায় অভিযান পরিচালনা করে। পরদিন হাসপাতালের চেয়ারম্যান শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত ৭ জুলাই সন্ধ্যার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হাসপাতালের শাখা দু’টির (উত্তরা ও মিরপুর) কার্যক্রম বন্ধের নির্দেশের কথা জানানো হয়। ওই দিন বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র্যাব।
পরে গ্রেপ্তারের পর গত ১৬ জুলাই শাহেদকে আদালতে হাজির করা হয়। ওই দিন শুধু রিজেন্ট হাসপাতালে করোনার ভুয়া রিপোর্ট প্রদান সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষ হওয়ার পর আজ তাকে আবারও আদালতে তোলা হলো।








