সিপ্লাস প্রতিবেদক: আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ৪ শিক্ষার্থীসহ মোট ৭ জন আহত হন। এ ঘটনায় মামলা দায়ের করেন কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন। এতে আসামি করা হয়েছে নূর মোস্তফা টিনুসহ ১২ জনকে।
এ মামলায় ঘটনাস্থল থেকে আটক মহিউদ্দীন সৌরভ ও সিরাজুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় চকবাজার থানায় মামলাটি দায়ের করেন কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন।
মামলায় আসামিরা হলেন- চকবাজারের বিতর্কিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনু, আমির উদ্দিন, জিয়া উদ্দিন আরমান, সৌরভ উদ্দিন বাপ্পা, সিরাজুল ইসলাম তোরাব, মো. মহিউদ্দিন সৌরভ, মনির উদ্দিন রেহান, আবুল কালাম, আনসার উদ্দিন, মন্টি চৌধুরী, ইমন হোসেন এবং মো. আব্দুল্লাহ। টিনু ছাড়া সবাই কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সুভাষ মল্লিকের অনুসারি।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, ‘হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।








