নিউজটি শেয়ার করুন

আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার

নোয়াখালী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার সুধারাম থানার দুর্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এটিইউ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো মাহমুদুর রহমান সোহেল, আব্দুল্লাহ কবির, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসাইন।

এটিইউ’র ওই কর্মকর্তা জানান, তাদের কাছ থেকে জঙ্গিবাদের একাধিক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ওই এলাকায় অবস্থান করে অনলাইনের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জঙ্গি প্রতিরোধে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারী আনসারুল্লাহ বাংলা টিম এখনও সারাদেশে নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর সুধারাম এলাকায় সাংগঠনিক কাজ করে আসছিল গ্রেফতার হওয়া এই চার জন। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আগামীকাল (সোমবার) বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।