নিউজটি শেয়ার করুন

আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের অর্ধ শতাধিক গ্রামে ঈদ উদযাপন

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার দুইটি গ্রামসহ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে এ ঈদ পালন করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় করোনা ভাইরাস পরিস্থিতির কারনে স্বাস্থ্যবিধি মেনে আনোয়ারা উপজেলার বরুমচড়া ও তৈলারদ্বীপ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তবে মির্জাখীল দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। মির্জারখীল দরবার শরীফ সূত্র মতে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমচড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার পুটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, এবং পটিয়া, বোয়ালখালী, সন্দ্বীপসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপন করা হয়।

এছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জারখীল দরবার শরীফের ভক্তরাও ঈদ উদযাপন করেন।

বারখাইন ইউপি সদস্য আজিজুল হক আজিজ বলেন, আমরা বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশত বছর পূর্ব হতে এভাবে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছি। আজ উৎসবমুখর পরিবেশে আমরা ঈদ উদযাপন করছি। সকাল থেকে মুসল্লীরা ঈদ জামাতে অংশ নেয়।

মির্জাখীল দরবার শরীফের মূখপাত্র মো. মছউদুর রহমান বলেন, করোনার কারণে এবারও দরবার শরীফে বড় ঈদ জামাত পরিহার করা হয়েছে। অনুসারীরা নিজ নিজ এলাকায় ছোট পরিসরে ঈদের জামাত করেছেন।