ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের পরও এবং রোগবালাই ও পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় এ বছর আরোয়ারায় আমন আবাদে বাম্পার ফলন ভাল হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ৬ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। তার মধ্যে বৈরাগ ইউনিয়নে ৬৫০ হেক্টর, বারশত ইউনিয়নে ৭৩০ হেক্টর, রায়পুরে ২৮০ হেক্টর, বটতলীতে ৭৯০ হেক্টর, বরুমচড়ায় ৭৬৫ হেক্টর, বারখাইনে ১ হাজার ১০ হেক্টর, আনোয়ারা সদর ইউনিয়নে ৪৮০ হেক্টর, চাতরীতে ৫৫৫ হেক্টর, পরৈকোড়ায় ৩৮০ হেক্টর, হাইলধরে ৮৫০ হেক্টর ও জুঁইদণ্ডীতে ৪৬০ হেক্টর জমিতে আমন ধান চাষা করা হয়েছে।
এতে ৩৩ হাজার মেট্রিক টন ধান উৎপন্ন হবে বলে আশা করা যাচ্ছে। কৃষকরা জানান, যদি সরকার গত বছরের ন্যায় মাঠ থেকে ধান ক্রয় করে তাহলে তারা ভালো দাম পাবে।
ইতোমধ্যে উপজেলার ১১ ইউনিয়নে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটায়।
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, ‘আনোয়ারার ১১ ইউনিয়নে এবার আমনের ভালো ফলন হয়েছে। এ বছর ব্রি-৭৮০ ও বিনা-১৭ ধানে নতুন মাত্রা যোগ করেছে। এ ধানে শতকরা ২৫ ভাগ উৎপাদন বাড়িয়ে দেবে। উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। আশা করি চাষিরা লাভবান হতে পারবেন। ইতোমধ্যে উপজেলাজুড়ে আমন কাটা ও মাড়াই শুরু হয়েছে।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের ভয় থাকলেও তেমন ক্ষতি করতে পারেনি, আমনের ফলন ভালো হয়েছে।’








