আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার উপকূল রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরের বেডিবাঁধের ভাঙনে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশে জিটুজি ভিত্তিতে প্রকল্প চায়নিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) এর উদ্যোক্তা চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড । রবিবার(৯ আগষ্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদে এসব বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ টন চাউল, ১ টন তেল ও ১ টন ডাল।
বিতরণকালে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম ও চায়না হারবারের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ অন্যান্যরা।
চায়না হারবারের প্রতিনিধি মোহাম্মদ ইয়াসিন আরফাত সাজ্জাদ বলেন, বহু বছর ধরে চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। সম্প্রতি ভয়াবহ বন্যায় বাংলাদেশে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মনে করি যে কোন প্রয়োজনে বন্ধুপ্রতীম বাংলাদেশী জনগনকে সহযোগিতার হাত বাড়িয়ে সম্প্রসারিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, মহামারীকালে আমরা সরকারের পাশে থাকার চেষ্টা করছি এবং দেশের বিভিন্ন স্থানে প্রায় দশ হাজার লোককে খাদ্য ও করোনা প্রতিরোধে সামগ্রী প্রদান করেছি। ভবিষ্যতে আমাদের কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, আনোয়ারায় ৭৭৪.২৫ একর জমিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) বাস্তবায়ন করছে চায়না হারবার। এই অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ আশা করা হচ্ছে এবং এতে ৬০-৯০ হাজার লোকের কর্মসংস্থান হবে, যা কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখবে।








