পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আনোয়ারা ওষখাইন আলীনগর দরবার শরীফে বিশাল জশনে জুলুস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলুসে হযরত মুহাম্মদের (সা.) ধরণীতে আগমনকে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ওষখাইন আলীনগর দরবার শরীফের ব্যবস্থাপনায় জুলুসে বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক হাজার মানুষ অংশ নেন।
এ সময় বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করা হয়। অনেককে পবিত্র কোরআনের আয়াত লেখা পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়।
এতে ছদারত করেন হযরত শাহ্ সুফী আলী রজা দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত মাওলানা মুহাম্মদ একরামুল হক শাহ, হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ ইলিয়াছ রজা, হযরত মাওলানা মুহাম্মদ এনামুল হক শাহ, মুহাম্মদ কামাল উদ্দিন শাহ ও মাওলানা মুহাম্মদ ইউনুছ দরবেশ। এসময়ে শাহাজাদা খোরশেদ উল্লাহ্ রজায়ী, আবদুল কাদের চাঁদ মিয়া, ফখর উদ্দিন রাযী, শাহরিয়ার কামাল সাদিব রজা, নঈম উদ্দিন রজায়ীসহ দরবারের মুরিদান ও ভক্তরা উপস্থিত ছিলেন।
জুলুসটি উপজেলার ছত্তার হাটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দনাইশ গাছবাড়িয়া, রৌশন হাট, কাঞ্চননগর সৈয়দ আমির কুলাল রহ. জামে মসজিদ ময়দায়ে জমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, ২নং জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন।
মিলাদ ক্বিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।








