চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের সিংহরা গ্রামের হিমাংশু মল্লিক বাড়ির শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার রাত থেকে রবিবার ভোরের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঞটে। মন্দিরের জানালার গ্রিল কেটে এবং মূল অংশের তালা কেটে চুরি করা হয় বলে মন্দির সংশ্লিষ্টদের অভিযোগ। চোরের দল মন্দিরের স্বর্ণালংকার, নগদ টাকা ও শালগ্রাম নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়েছে।
মন্দিরের সেবক শিমুল দাশ জানান, শনিবার রাতে অন্য দিনের মত পূজা শেষে পুজার্থীরা মন্দিরে তালা দিয়ে চলে যান। পরদিন সকালে পূজা দিতে গেলে দেখতে পাই জানালার গ্রিল কাটা। এরপর মন্দিরে প্রবেশ করে দেখি একটি সোনার হার, শালগ্রাম, দানবাক্সের নগদ টাকা ও একজোড়া করতাল নিয়ে গেছে। চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ মন্দির পরিদর্শন করেছে। তবে এখনো কেউ আটক হয়নি।








