Site icon CPLUSBD.COM

আনোয়ারায় কিশোরের রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবী পরিকল্পিত হত্যা

আনোয়ারায় কিশোরের রহস্যজনক মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় আবদুল্লাহ আল মাসুম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলা সদরের ইছামতী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাসুম পরৈকোড়া কৈখাইন গ্রামের মোঃ ইউছুফের ছেলে।

পরিবারের অভিযোগ, মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজ সকালে উপজেলা সদরে নিহতের স্বজন ও স্থানীয়রা বিচারের দাবীতে বিক্ষোভ করেন।

নিহতের পিতা মোঃ ইউছুফ বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে চাতরী পূর্ব সিংহরা গ্রামের সাবেক ইউপি সদস্য সাগর দত্তের ছেলে দীপু দত্তের সাথে মাসুম সদরের একটি দোকানে রশি কিনতে আসেন। পরে তারা মোটরসাইকেল করে ইছামতি এলাকার দিকে যান। রাত ২টার দিকে ইছামতি এলাকায় পুলিশ গিয়ে মাসুমের লাশ উদ্ধার করে। আমার ছেলের গলায় এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, আমি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।