আনোয়ারা প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশের ন্যায় আনোয়ারা উপজেলাও আবদ্ধ। এই আবদ্ধ আনোয়ারায় রায়পুর ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া নিম্ন ও মধ্য আয়ের ২শ ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন খোর্দ্দ গহিরা সোনালী সংঘ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এস এম ফাউন্ডেশন এর সহযোগিতায় দ্বিতীয় ধাপে গহিরা এলাকায় সদস্যরা ঘরে ঘরে গিয়ে ফটোসেশান ছাড়া এসব পৌঁছে দেন সংগঠনটি। সংগঠনের সভাপতি ইলিয়াছ দিদার জানান, মহামারী করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়া গহিরা এলাকার গরীব, দুস্থ, শ্রমজীবী, অসহায় ও দিনমজুর মানুষগুলোর পাশে দাড়াতে এ উদ্যোগ। দ্বিতীয় ধাপে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি৷ সামনে আরও দেওয়া হবে।








