আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৪ কৃষকের দুই একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগ।
শনিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তীর নেতৃত্বে উপজেলার সদরের ৪নং ওয়ার্ড এলাকার কৃষক মিন্টু বল, মোঃ মোরশেদ, শিবু বল ও সম্রাট ভট্টাচার্য্যের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন সদর যুবলীগের নেতৃবৃন্দ।
ধানকাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস চৌধুরী, ইউপি সদস্য লিটন সিকদার,আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগ নেতা লিটন বিশ্বাস, রনি বল, স্বরুপ চক্রবর্তী, মিল্টন চক্রবর্তী, মিলন ধর, মোঃ মোরশেদ, শিবু বল, দিপংকর দে, মিন্টু বল প্রমুখ।
লকডাউনে আর্থিক সংকটে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন করতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে তারা এই কার্যক্রম করেন। পাকা ধান কাটার উপযুক্ত সময় এখন হলেও আর্থিক সংকটে বেশি মজুরিতে শ্রমিক দিয়ে ধান কাটতে হিমশিম খাচ্ছে কৃষকরা।
এসময় উপজেলার সদর যুবলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ায় আবেগাপ্লুত উপকারভোগী কৃষকরা।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বলেন, মহামারী করোনাকালীন সময় প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে অসহায় চার কৃষকের ধান কাটার মধ্যদিয়ে আনোয়ারা উপজেলা যুবলীগের ধান কাটার কর্মসূচির উদ্বোধন করা হল।
অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার উপজেলা যুবলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে।








