নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় জেএসসি’র রেজিষ্ট্রেশন করতে না পেরে স্কুল ছাত্রের আত্মহত্যা

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার রেজিস্ট্রেশন করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুর্জয় দাশ (১৪) নামে এক পরীক্ষার্থী।

সোমবার (২৯ জুন) রাতে আনোয়ারার কৈনপুরা জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। দুর্জয় দাশ আনোয়ারার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সে কৈনপুরা জেলে পাড়ার মিলন দাশের পুত্র। দুই ভাই এক বোনের মধ্যে সে মেঝ। তার বড় ভাই গার্মেন্টসে কাজ করেন।ছোট বোন পঞ্চম শ্রেণিতে পড়ে। এর আগে রেজিস্ট্রেশন করার জন্য জন্ম নিবন্ধন সংশোধন করতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও চাতরী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসহ বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও রেজিষ্ট্রেশন করতে পারেনি দুর্জয় দাশ।

দুর্জয় দাশের বাবা মিলন দাশ বলেন, দুর্জয় কৈনপুরা উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষার্থী ছিল। আগামীকাল জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ দিন। গত কয়েকদিন আগে রেজিস্ট্রেশন করতে গিয়ে জানতে পারে জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স দুই বছর বেশি। ফলে তার রেজিস্ট্রেশন হবে না। এটা শোনার পর সে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি শুরু করে। প্রথমে চাতরী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যায়। সেখান থেকে তাকে বলা হয়, স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে। এরপর তারা কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট গেলে তিনি জানান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা তাদের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ করেছে। তাই তিনি নিষেধ করেছেন প্রত্যয়নপত্র না দিতে।

মিলন দাশ আরও বলেন, এরপর যোগাযোগ করা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশীষ আশ্চর্য এর সাথে। তিনিও জানান, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র থেকে জন্ম নিবন্ধন সংশোধন করে আনতে হবে। এই অফিস থেকে ওই অফিসে দৌড়াদৌড়ি করে জন্ম নিবন্ধন সংশোধন এবং জেএসসির রেজিস্ট্রেশন করতে না পেরে দুর্জয় ক্ষোভে আত্মহত্যা করেছে। কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথ জানান, বয়সের ব্যাপারে শিক্ষা বোর্ডের নীতিমালা আছে। ওই শিক্ষার্থীর বয়স জন্ম নিবন্ধন ও পিএসসি সনদে বেশি হওয়ায় তাকে তা সংশোধন করে আনতে বলেছি।

বেশি বয়সে কেন ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করালেন এই প্রশ্নে জবাবে তিনি জানান, তখন আমরা এটা খেয়াল করিনি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, কৈনপুরা এলাকায় স্কুল ছাত্র আত্মহত্যার বিষটি শুনেছি তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।