আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় দিনে দুপুরে সিএনজিতে করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তিন চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (১অক্টোবর) দুপুর দেড়টায় রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এসময় চোরাই দলের দুই সদস্য পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, কর্ণফুলী থানার মাস্টারহাট এলাকার মৃত আব্দুছ ছালামের পুত্র মো. আক্কাছ (৩৮), বোয়ালখালী উপজেলার মৃত আবুল কালামের পুত্র মো.দিদার (২৮),পশ্চিম শাকপুরা এলাকার আবু ছৈয়দের পুত্র মাহমুদ আলী (৩০)।
জনগণ চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও চুরিকৃত গরু উদ্বার করে। এ ঘটনায় গরুর মালিক মো. খালেক বাদী হয়ে তিন চোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বোয়ালিয়া এলাকার প্রত্যক্ষদর্শী চৌকিদার জাফর বলেন, আজকে দুপুর দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ার মো. খালেকের একটি গরু চুরি করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার সময় লোকজন দেখে ফেলে। পরে চোরের দলকে ধাওয়া দিলে তারা বোয়ালিয়া এলাকায় ঢুকে পড়ে। এসময় বোয়ালিয়া গ্রামের লোকজনসহ ধাওয়া করলে চোরের দল সিএনজি অটোরিকশা রেখে বিলের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনগণ তিনজনকে ধরে ফেলে। বাকী দুইজন পালিয়ে যায়। আটককৃতদের জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ ঘটনাস্থলে গিয়ে চৌকিদারদের নিয়ে পুলিশের সহায়তায় জনতার রোষানল থেকে চোরদের উদ্বার করে । পরে পুলিশ তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, স্থানীয় জনতা চুরি করে পালানোর সময় তিন চোরকে ধরে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্বার করে থানায় নিয়ে আসে। তাদরে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

