আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিভিন্ন পশুরহাট পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
শনিবার বিকালে চাতরী চৌমুহনী বাজারসহ একাধিক বাজার পরিদর্শন করেন তিনি।
এসময় বাজারের ইজারাদারসহ ক্রেতা-বিক্রেতা সকলকে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় বড় তিনটি বাজারসহ ছোট বড় আরো বেশ কটি বাজারকে কোরবানির পশুর বাজার বসাতে অনুমতি দেন উপজেলা প্রশাসন। গত বৃহষ্পতিবার থেকে উপজেলার বিভিন্ন বাজারে পশু বেচাকেনা শুরু হয়। কিন্তু পশুর বাজারগুলোতে শর্তমতে স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে পশুর বাজারগুলো পরিদর্শনে নামেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম।
এসময় চাতরী চৌমুহনী বাজারের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারকে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মুখে মাস্ক পড়ে বেচাকেনা করার নির্দেশ দেন। বাজারে আগত বেশ কয়েকজন ক্রেতা -বিক্রেতাকে মাস্ক পরিধান না করায় সতর্কও করেন।
এদিকে উপজেলায় জমে উঠেছে পশুর বাজার। এতদিন দরকষাকষির মধ্যে থাকলেও আজ থেকে জমে উঠেছে বেচাকেনা।
শনিবার (১৭ জুলাই) বিকালে চায়না রোডে চাতরী চৌমুহনী বাজারের পশুর বাজারে গিয়ে দেখা যায়, ছোট-বড় ও মাঝারি সাইজের গরু এসেছে আশপাশের এলাকা থেকে। পার্শ্ববর্তী উপজেলা থেকেও অনেকে গরু নিয়ে এসেছে। তাছাড়া চট্টগ্রামের বাইরে থেকে গরু নিয়ে এসেছেন বেপারীরা। প্রচুর ক্রেতার সমাগম ঘটে এই পশুর বাজারে। যোগাযোগ সুবিধা থাকার কারণে চট্টগ্রাম শহর ও আশপাশের এলকা থেকেও ক্রেতারা এসেছেন পছন্দের গরু কিনতে। বিক্রিও হয়েছে প্রচুর। তবে আগের চেয়ে দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
বারখাইন মাজারগেইট এলাকা থেকে গরু নিয়ে আসা মো. সেলিম বলেন, বাড়ির কাছে বাজার, তাই গরু নিয়ে এসেছি। উপযুক্ত দাম পেলে আজই গরু বিক্রি করে দেব।
চাতরী চৌমুহনী বাজারের ইজারাদার মো. মোজাম্মেল বলেন, আমরা বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরার জন্য সার্বক্ষণিক মাইকে ঘোষণা দিচ্ছি। সে সাথে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা বাজারে আসা লোকজনকে মাস্ক পড়া নিশ্চিত করতে কাজ করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, আমরা স্বাস্থ্যবিধি মানার শর্তে পশুর বাজার বসানোর অনুমতি দিয়েছি। আমরা আজকে কয়েকটি বাজার পরিদর্শণ করেছি। মানুষ স্বাস্থ্যবিধি মানছেন কিনা তা দেখার জন্য। সে সাথে বাজারের ইজারাদার ও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরিধান করতে নির্দেশনা প্রদান করেছি।








