আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় আবদুর রশিদ (৪৮) বছর বয়সী একজন পুরুষ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের চাকরিজীবি বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঐ ব্যক্তির শরীরে প্রাণঘাতী এ ভাইরাস পাওয়া গেছে।
ওই ব্যক্তির বাড়ি উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ ও আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ওই এলাকায় গিয়ে আক্রান্ত ব্যক্তিকে নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ও ২৭ ঘর লকডাউন করে দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, আক্রান্ত ব্যক্তি কিছুদিন আগে বন্দর থেকে তার গ্রামের বাড়ি আসেন। তিনি কর্মস্থল বন্দরে থাকাকালীন করোনা উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করানোর জন্য নির্দেশ দেন বন্দর কর্তৃপক্ষ। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটের অবস্থিত সংক্রামক ব্যাধী হাসপাতালে (বিআইটিআইডি) পাঠানো হলে তার রিপোর্টে পজিটিভ আসে। পরে ঐ এলাকায় গিয়ে আক্রান্ত ব্যক্তিকে আপাতত নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ও ২৭ ঘর লকডাউন করা হয়েছে। তার শরীরে এখন পর্যন্ত জটিল কোন উপসর্গ না থাকায় জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সিদ্ধান্তক্রমে তাকে নিজ ঘরে রাখা হয়েছে। তাকে পরিবারের কোন সদস্যদের সাথে মেলামেশা করতে নিষেধ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা দেওয়া পল্লী চিকিৎসক প্রদীপ কান্তি নাথের (৪৫) ও করোনার উপসর্গ দেখা মিলছে। তাই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ঔষুধের দোকান ও বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা পরীক্ষা রিপোর্ট না আসা পর্যন্ত বর্তমানে তার নিজ ঘরে তাকে ও তার পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।








