আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় চিহ্নিত ভুমিদস্যূদের নিকট জিম্মি অসহায় এক প্রবাসী পরিবার। বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকায় একখন্ড জমি কিনে জুইঁদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মঞ্জুরা বেগম। স্বামীর কষ্টের টাকায় কেনা সেই জমি দখলে নিতে মরিয়া স্থানীয় এক ভূমিদস্যু চক্র। গত কয়েকদিন আগে রাতের আঁধারে মঞ্জুরা বেগমের ৫ শতক জমি জোরপূর্বক দখলে নেয় এই চক্রটি।
এ বিষয়ে ভূক্তভোগী মঞ্জুরা বেগমের ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, জাগির হোসেন (৩৭), ওমর ফারুক (৩৫) ও আব্দুল খালেক (২৮)। তাদেরকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগীরা ঘর থেকেও বের হতে পারছেননা বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযুক্তরা এলাকার আরো বেশ কয়েকজন লোকের জমিও এভাবে প্রতারণার মাধমে দখল করেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের প্রবাসী সামশুল আলমের স্ত্রী মঞ্জুরা বেগম তার বাড়ির পাশে ৫ শতক জমি ক্রয় করে। এই জমির পেছনে অভিযুক্তদের বেশ কিছু জমি রয়েছে। এগুলোতে যাতায়াত করতে মঞ্জুরা বেগমের নিকট অভিযুক্তরা রাস্তা দাবী করে। মঞ্জুরা বেগম তাতে রাজী না হওয়ায় অভিযুক্তরা ভূয়া কাগজ তৈরি করে জমিটি দখল করার পাঁয়তারা করলে মঞ্জুরা বেগমের ছেলে সাজ্জাদ বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি সরেজমিন তদন্ত করে উপজেলা সহকারি কমিশনার ভূমিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। উপজেলা ভূমি সহকারি কমিশনার তদন্ত করে মঞ্জুরা বেগমের পক্ষে প্রতিবেদন দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা রাতের আঁধারে জমিটি সন্ত্রাসী কায়দায় দখল করে নেয়।
বর্তমানে অভিযুক্তরা জমির আশপাশে দা-ছুরি নিয়ে পাহারা বসিয়ে মঞ্জুরা বেগম ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ধমকি ও গালিগারাজ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সন্ত্রাসীদের ভয়ে তারা একপ্রকার ঘরবন্দী হয়ে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন ।
বাদী সাজ্জাদ হোসেন বলেন, আমার বাবা সারা জীবন প্রবাসে থেকে অনেক কষ্টের টাকা দিয়ে বাড়ীর পাশে মায়ের নামে ৫ শতক জমি ক্রয় করেছি। সেই জমি এখন ভূয়া কাগজ বানিয়ে দখলে নিয়েছে স্থানীয় চিহ্নিত কিছু ভূমিদস্যু। আমাদের জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
আনোয়ারা থানার এ এস আই মো. সালাউদ্দিন বলেন, তারা দুই পক্ষই আদালতে দুটি মামলা দায়ের করেছেন। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টা সমাধানের চেষ্টা করব।








