নিউজটি শেয়ার করুন

আনোয়ারায় মা ইলিশ রক্ষায় ১০ হাজার মিটার জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

চলতি প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিল্ড অফিসার জাহেদ আহমেদ,অফিস সহকারী এনামুল হকসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিলো জেলেরা। অভিযানের খবর টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় কয়েকজন জেলে। এ সময় নদী ও সাগর থেকে মাছ ধরার জাল জব্দ করা হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধ থাকছে।