আনোয়ারা প্রতিনিধি: করোনা ভাইরাস সন্দেহ মৃত্যু নিয়ে চারদিকে হৈচৈ, এলাকা লকডাউন। দিনশেষে রিপোর্টে মিললো করোনা নেগেটিভ। পরীক্ষায় মৃত যুবকের শরীরে করোনা ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
রিপোর্ট পাওয়ার পর আনোয়ারা উপজেলার শিলাইগড়া পাড়ার লকডাউন অবস্থা তুলে নিলেন প্রশাসন।
গত রবিবার সন্ধ্যায় আনোয়ারা বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মোঃ শরীফ (২২) গলা ব্যাথা ও সর্দি কাশিতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়৷ রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য ফৌজদার হাট অবস্থিত সংক্রামক ব্যাধী হাসপাতালে (বিআইটিআইডি) পাঠানো হয়।
এদিকে তার মৃত্যুর খবর শুনে এলাকায় ছড়িয়ে পড়ে করোনায় মৃত্যু হয়েছে। চারদিকে হৈচৈ আর আতঙ্ক। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ওই এলাকায় গিয়ে শিলাইগড়া পাড়াকে সাময়িকভাবে লকডাউন করে দেন।
এর আগে সোমবার বিকালে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে উপজেলার শিলাইগড়া গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।
অবশেষে সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্টে পাওয়া যায় করোনা নেগেটিভ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন, নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় ছিলাম অবশেষে মৃত মোহাম্মদ শরীফ হোসাইনের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ। রিপোর্ট পাওয়ার পর তুলে নেওয়া হয়েছে লকডাউন। তারপরও শিলাইগড়াসহ অন্যান্য এলাকায় কেউ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট-এ ধরণের উপসর্গ অনুভব করলে তাকে উপজেলা প্রশাসন, আনোয়ারা থানা বা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

